ব্রি কর্তৃক যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নে সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে ‘ব্রি স্ট্র রোপ মেকার’ বা ‘দড়ি পাকানো যন্ত্র’ উদ্ভাবন করা হয়েছে। যন্ত্রটি দিয়ে অতি সহজে, কম শ্রমে এবং স্বল্প সময়ের মধ্যে বিভিন্ন ব্যাসের দড়ি প্রস্তুত করা সম্ভব হবে।
যন্ত্রটি তৈরির উদ্দেশ্য কী জানতে চাইলে এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম সাইফুল ইসলাম বলেন, খড় দিয়ে কম সময় দড়ি তৈরি করা, দড়ির ব্যাস সমান রেখে বিভিন্ন ব্যাসের দড়ি তৈরি, খড়কে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ এবং দড়ি তৈরিকেন্দ্রিক ব্যবসা সৃষ্টি ও গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা। এ মেশিন দিয়ে মিনিটে ৩ মিটার লম্বা দড়ি তৈরি করা যায় এবং খড় দিয়ে তৈরি দড়ি এক মণের অধিক লোড নিতে পারে।
.png)
তিনি আরো বলেন, অটোক্যাড ইঞ্জিনিয়ারিং টুলসের (সফটওয়্যার) সাহায্যে তৈরি দড়ি পাকানো যন্ত্রটির নকশা তৈরি করা হয়। নকশা অনুযায়ী ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের গবেষণা ওয়ার্কশপে যন্ত্রটির প্রথম প্রটোটাইপ তৈরি করা হয়। যন্ত্রটির ক্ষমতা ০.৫৬ কিলোওয়াট যা দিয়ে প্রতি মিনিটে ৩ মিটার দড়ি তৈরি করা যায়।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটেট সিনিয়র লিয়াজোঁ অফিসার কৃষিবিদ ড. এম আব্দুল মোমিন বলেন, ধান একটি বহুমাত্রিক শস্য। যার প্রতিটি অংশ কৃষকের কাজে লাগে। খড় হলো ধানের একটি প্রধান উপজাত। ধানের খড় স্থানীয়ভাবে সহজলভ্য এবং পরিবেশবান্ধব। খড়ের দড়ি আধুনিক দড়ি হিসেবে বিবেচিত বিধায় কৃষক যন্ত্রটি ব্যবহার করে কম সময়ে, স্বল্প শ্রমে, দ্রুত এবং উন্নত মানের দড়ি তৈরি করতে পারবেন। এটি সংরক্ষণ করা গেলে কৃষকরা লাভবান হবেন।