বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনিবার ও রোববার দুইদিন এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।
এর আগে, গত বুধবার প্রায় ছয় মাস পর ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আউলিয়া নামে একটি জাহাজ চলাচল শুরু করে।
.png)
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, সোমবার সকালে ৩৮৮জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করেছে। দুপুরে জাহাজটি দ্বীপে পৌঁছায়। সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে। বুধবার থেকে সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন বলে জানিয়েছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।
তিনি আরো বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামে একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে বলে জানিয়েছেন ইউএনও।