ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘোড়ার গাড়িতে ৩ শিক্ষকের রাজকীয় বিদায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ঘোড়ার গাড়িতে ৩ শিক্ষকের রাজকীয় বিদায়
ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নেন ৩ শিক্ষক

বিদায় কষ্টের হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে ওঠে। চট্টগ্রামের আনোয়ারার বখতিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককে এমনই এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এদিন ছিল ঐ শিক্ষকদের চাকরিজীবনের শেষ দিন। দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা শেষে অবসরে গেছেন ঐ বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দিন, মধু সুধন নাথ এবং স্বপন কুমার চক্রবর্তী। তাদের অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য এক আয়োজন করে। ফুলের মালা দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে তাদের বিদায় দিয়েছেন। বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা, মিলাদ ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমেদ।

Advertisement

অনুষ্ঠানে ঐ তিন শিক্ষককে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের ১৯৮৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

বখতিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি বলেন, এ বিদ্যালয়ের কণায় কণায় এই শিক্ষকদের স্মৃতি রয়েছে। আমরা তিন গুণীজনকে বিদায় দিলাম, যা সত্যিই বেদনার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, চাকরিজীবন শেষে একজন শিক্ষকের বিদায় নেয়া তার জন্য খুব কষ্টের। তবে এমন রাজকীয় বিদায় তাকে সম্মানিত ও আনন্দিত করে। আজকের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!