রোববার সন্ধ্যা ৬টার দিকে পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শনিবার রাত পৌনে ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কালাম।
মৃত আবুল কালাম মোল্লা জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী জয়নদ্দিন মাদবরকান্দি এলাকার রকমান মোল্লার ছেলে। আবুল কালাম পেশায় একজন জেলে।
.png)
জানা যায়, শনিবার রাতে আবুল কালাম ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। আবুল কালামের সঙ্গে তার বড় ছেলে রাকিব মোল্লা এবং জেলে আলতাফ মোল্লা, দাদন মল্লিক ও ছিদ্দিক হাওলাদার ছিলেন। তারা নদীতে মাছ ধরার সময় হঠাৎ একটি বাল্কহেড এসে তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে তারা নৌকা থেকে পড়ে যান। রাকিব, আলতাফ ও ছিদ্দিক সাঁতার কেটে পাড়ে ওঠেন। তবে আবুল কালাম নিখোঁজ হন। সোমবার বিকেলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেড় ঘণ্টা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।
জাজিরা মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মোফাজ্জেল হক জানান, খবর পেয়ে রোববার মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিখোঁজের সন্ধানে নদীর প্রায় এক কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আবুল কালামের লাশ উদ্ধার করেন তারা।