ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনকে যৌন নিপীড়ন, প্রতিবাদ করায় প্রবাসী ভাইকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৩
বোনকে যৌন নিপীড়ন, প্রতিবাদ করায় প্রবাসী ভাইকে কুপিয়ে জখম
আহত মোতাহের হোসেন রাফি

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মোতাহের হোসেন রাফি (২৩) নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাদাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাফি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাফির পিতা বাদী হয়ে শুক্রবার সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। 

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সির হাট কারামতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছুটির পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। এ সময় ১০-১২ জন বখাটে কিশোর গ্যাংয়ের সদস্য ছাত্রীদের পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকে। সুলাখালী গ্রামের সোনা মিয়া হাজী বাড়ির মসজিদের সামনে গেলে বখাটেরা এক ছাত্রীর হিজাব টানাটানি করে ছাত্রীকে যৌন নিপীড়ন চালায়। তার চিৎকারে প্রবাসফেরত চাচাতো ভাই রাফি এগিয়ে এলে বখাটেদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় বখাটেরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

Advertisement

সন্ধ্যায় রাফি ও তার আরেক আত্মীয় মোটরসাইকেলযোগে পারিবারিক কাজে ফেনী শহরে যাচ্ছিলেন। মতিগঞ্জের ভাদাদিয়া গ্রামে গেলে ছোটন, মামুন, অপু ও জাবেদের নেতৃত্বে ৮-১০ জন বখাটে তাদের গতিরোধ করে রাফির ওপর অতর্কিত হামলা করে। তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে।

পরে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাফির পিতা আবুল মোবারক মিলন চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। 

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!