ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীকে যৌন নিপীড়ন-আপত্তিকর প্রস্তাব, সেই প্রধান শিক্ষক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ১৬ জুন ২০২৩
ছাত্রীকে যৌন নিপীড়ন-আপত্তিকর প্রস্তাব, সেই প্রধান শিক্ষক গ্রেফতার
সেই প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গ্রেফতার

স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রংপুরের বদরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিক তাকে গ্রেফতার করে। 

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক জরুরি সভা শেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

এদিকে মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালাতেন। বিষয়টি যেন প্রকাশ না পায় সেজন্য ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর পাশাপাশি নানাভাবে হুমকি দেওয়া হয়। ফলে ওই ছাত্রী ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। তবে ১০ জুন দুপুরে প্রধান শিক্ষক মুঠোফোনে আপত্তিকর কথাবার্তা বললে তা রেকর্ড করে ওই ছাত্রী।

বিষয়টি নিয়ে সে তার পরিবারের সঙ্গে কথা বললে তারা বিষয়টি এলাকার লোকজনকে জানান। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝুলানোর পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন। উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করতে ব্যর্থ হন। কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার সঙ্গে সঙ্গেই এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয় পাহারায় বসেন- যেন সেখানে প্রধান শিক্ষক প্রবেশ করতে না পারেন।

রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানা পুলিশের কাছে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাৎক্ষণিক দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড়পাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ হোসেন বলেন, ম্যানেজিং কমিটির জরুরি সভায় ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!