ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রীর সঙ্গে শিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ১১ মে ২০২৩
ছাত্রীর সঙ্গে শিক্ষকের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল
প্রভাষক আহসান উল ফেরদৌস। ছবি: সংগৃহীত

রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিও ভাইরালের ঘটনায় গত ৭ মে কৈফিয়ত তলব করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে অধ্যক্ষ অধ্যাপক আমজাদ হোসেন ওই শিক্ষককে একটি পত্র দিলেও তাতে কোনো সাড়া দেননি অভিযুক্ত শিক্ষক। বরং ওই শিক্ষক বিভাগীয় প্রধান বরাবর ১৫ দিনের মেডিকেল ছুটি নিয়ে লাপাত্তা রয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় বুধবার অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে এক জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকে প্রভাষক আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ৩৭তম শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আহসান উল ফেরদৌস কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের পর থেকেই তার আচরণ ছিল অস্বাভাবিক। দিনে দিনে ছাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন তিনি। তার বিরুদ্ধে এমন অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, বিষয়টি ওই ছাত্রীর পক্ষ থেকে এবং শিক্ষকের পক্ষ থেকেও আমাকে জানানো হয়নি। ভিডিওর বিষয়টি শিক্ষার্থীর পক্ষ থেকে আমার নজরে এলে আমি ওই শিক্ষককে তলব করে কৈফিয়ত নোটিশ দিয়েছি। এখনো কোনো জবাব দেয়নি। জবাব দেয় কী না সেটা আমরা দেখবো। এরপর আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখবো।

তিনি আরো বলেন, শিক্ষক-ছাত্রীর সঙ্গে এমন লজ্জাজনক ঘটনা এবারই প্রথম। আমাদের মাথা নিচু হয়ে গেছে। ক্যাম্পাসে যেন আসতেই লজ্জা লাগছে। আমি মনে করি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!