রোববার বিকেলে স্ত্রী সাজেদা বেগম সদর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মাইনুদ্দিন সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া এলাকার বাসিন্দা।
এর আগে শনিবার দিনগত গভীর রাতে সাজেদা বেগমের স্বামী তাদের নিজ বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যায়।
.png)
স্থানীয়রা জানান, রাতে ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এর মধ্যে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদার বলেন, কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। একালাবাসী বিষয়টি সমাধান করতে চাইলেও কোনোভাবেই তারা মেনে নিতে পারেনি। আজকে গভীর রাতে মাইনুদ্দিন ব্যক্তিগত জের ধরে রাগে-ক্ষোভে নিজ বসতঘরে আগুন দিয়ে পালিয়ে যান।
সাজেদা বেগম বলেন, আমাকে কিছুদিন ধরে নির্যাতন করে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে আমার স্বামী। তাই আমি মিথ্যা বলে বাঁচার জন্য গতকাল বাড়ি থেকে পালিয়ে বোনের বাসায় গিয়ে থাকি। রাতে হঠাৎ আগুন লাগিয়ে পালিয়ে যান। বাড়িতে না থাকায় আগুন থেকে কোনো কিছুই রক্ষা করতে পারেনি। আসবাবপত্রসহ চাল-ডাল সব পুড়ে ছাই হয়ে গেছে।
বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।