ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গজারি বনে সহকর্মীকে গাছে বেঁধে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ২৬ আগস্ট ২০২৩
গজারি বনে সহকর্মীকে গাছে বেঁধে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
গজারি বন, গাজীপুর -ফাইল ছবি

সহকর্মীকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক প্রতিবন্ধী এক পোশাক শ্রমিককে (২৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গাজীপুর সদর উপজেলায় এক গজারি বনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর গত বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আরো দুই আসামি এখনো পলাতক। 

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার বেড়া উপজেলার বারোদা গ্রামের মুহাম্মদ হান্নান (৩০), গাজীপুর সদরের মনিপুর গ্রামের নীরব হোসেন (২১), আজহার (১৯) এবং পাশের জৈনাতলা এলাকার জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সোহাগ হোসেন (২০)।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী একটি পোশাক কারখানায় হেলপার পদে চাকরি করেন। কাজের সুবাদে কারখানার এক অপারেটরের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে চটপটি খেতে বাসা থেকে বের হন ওই তরুণী। পথে সহকর্মীর সঙ্গে দেখা হলে দু’জন কথা বলতে বলতে হাঁটতে থাকেন।

গজারি বনের কাছে পৌঁছালে গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দু’জনকে ধরে বনের ভেতর নির্জন স্থানে নিয়ে যান। পরে তরুণীর সহকর্মীকে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন করেন এবং ২০ হাজার টাকা দাবি করেন অভিযুক্ত হান্নান। অন্যরা ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। পরে স্থানীয় লোকজন গজারি বনের ভেতর লোকজনের আনাগোনা দেখে এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যান। পথচারীরা দু’জনকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেন। 

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ওই তরুণী অসুস্থ থাকায় গত বৃহস্পতিবার থানায় এসে মামলা করেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!