বৃহস্পতিবার রাতে সাভারের তালবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মায়ের দায়ের করা মামলায় বাবা আলমগীর হোসেনকে গ্রেফতার করছে পুলিশ। আলমগীর হোসেন রংপুরের পীরগাছা উপজেলার পূর্বদেবু গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আলমগীর সাভারের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সচালকের সহকারী হিসেবে কাজ করেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী কল্পনা আক্তারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আলমগীর হোসেন। একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান তিনি। এ সময় শিশু আলিফ মা কল্পনার কোলে ছিল। ঐ কাঠের টুকরার আঘাত শিশুটির কপালে লাগে। পরে শিশু আলিফকে সাভারের বেসরকারি একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঐ শিশুর মায়ের দায়ের করা মামলায় বাবা আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।