ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি হয়ে যাওয়া ফোন চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাশেম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ৩১ জুলাই ২০২৩
চুরি হয়ে যাওয়া ফোন চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কাশেম
ফাইল ফটো

মাদারীপুরের শিবচরে চুরি করে নিয়ে যাওয়া মোবাইল চাইতে গিয়ে হামলার শিকার হয়ে কাশেম শিকদার নামে নামে ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরের বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কাশেম শিকদার ঐ এলাকার জয়নাল শিকদারের ছেলে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গত তিন মাস আগে জেলার শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরের বাজার এলাকার আবু কাশেম শিকদারের ঘর থেকে একই এলাকার কাশেম মাদবরের ছেলে রাসেল মাদবর একটি স্মার্ট ফোন চুরি করে পালানোর সময় ঘরের লোকজন তাকে ধরার চেষ্টা করতে ব্যর্থ হন। মোবাইল চুরির পর থেকেই অভিযুক্ত রাসেল মাদবর এলাকা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যান।

Advertisement

তিন মাস পর গতকাল রোববার বাড়িতে আসেন। এ খবর পেয়ে সোমবার দুপুরে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদার চুরি করে নেয়া ফোন চাইতে রাসেল মাদবরের বাড়িতে যান। এ সময় রাসেলের সঙ্গে কাশেম শিকদার ও তার ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল মাদবর ও তার পরিবারের সদস্যরা মিলে লাঠিসোঁটা, দা, বঁটি নিয়ে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদারের ওপর হামলা চালান।

হামলায় কাশেম শিকদার আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চুরি যাওয়া ফোনটি চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত ও তার লোকজনের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!