ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২৭ জুলাই ২০২৩
চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামের মীরসরাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে প্রিয়লাল দাস নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত প্রিয়লাল দাস মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দাসপাড়ার মনোরঞ্জন দাসের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রিয়লাল দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন প্রিয়লাল দাস। তাই তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে সুজাতা বালা দাসের সঙ্গে বিয়ে হয় প্রিয়লাল দাসের। একই বছরের ৮ ডিসেম্বর সুজাতা বালা দাস আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ি থেকে তার বাবাকে জানানো হয়। পরে সুজাতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠায় পুলিশ। ঐ ঘটনায় মীরসরাই থানায় অপমৃত্যু মামলা হয়।

ময়নাতদন্ত প্রতিবেদনে সুজাতাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এলে ২০১১ সালের ১১ এপ্রিল হত্যা মামলা করেন সুজাতার বাবা নিতাই চন্দ্র দাস। যেখানে বলা হয়- পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী প্রিয়লাল দাস সুজাতাকে শ্বাসরোধে হত্যা করেন এবং হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!