ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের একদিন পর সোমেশ্বরীতে মিলল শ্রমিকের লাশ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২৪ জুলাই ২০২৩
নিখোঁজের একদিন পর সোমেশ্বরীতে মিলল শ্রমিকের লাশ
ফাইল ছবি

নেত্রকোণার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু তোলার নৌকাডুবে নিখোঁজ হওয়ার একদিন পর শামীম মিয়া (২০) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী ঘাট থেকে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃত শামীম উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

এর আগে রোববার (২৩ জুলাই) সোমেশ্বরী নদীর ১নং বালু মহালের কামারখালী ঘাটে বালু তোলার দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ৮ শ্রমিকের মধ্যে ৭ জন সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হন শামীম।

Advertisement

এরপর থেকেই শামীমকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় বন্ধ থাকে উদ্ধার কাজ। সোমবার সকাল থেকেই পুনরায় উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। একপর্যায়ে বিকেলে দুর্ঘটনাকবলিত নৌকার পাশেই শামীমের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি উদ্ধার করে।

দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই নিখোঁজ শামীমের মরদেহ ভেসে উঠেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!