ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগী বাড়ছে

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ৯ জুলাই ২০২৩
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগী বাড়ছে
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে আক্রান্ত রোগীর বেশিরভাগই ঢাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে ময়মনসিংহে এসেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গাজীপুরের মাওনাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন আব্দুর রাজ্জাক নামে পঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পর মারা যান। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। এ নিয়ে চলতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

নেত্রকোণার মোহনগঞ্জ থেকে আসা ডেঙ্গু আক্রান্ত তৌফিক আলম বলেন, ঈদের দিন থেকে জ্বরে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার ডেঙ্গু পরীক্ষা করে শনাক্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছি। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই আমাদের অন্য রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে না রেখে আলাদা ওয়ার্ড খোলা প্রয়োজন।

Advertisement

জামালপুরের সরিষাবাড়ির মেহেদী হাসান বলেন, আমি ঢাকা কিংবা অন্য কোনো শহরে যাইনি। তবুও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার রাতে আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় মনের ভেতর ভয় কাজ করছে। তবে চিকিৎসকসহ নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন।

হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা বলেন, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। প্রায় প্রতিদিনই পাঁচ থেকে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই নারায়ণগঞ্জ, সিলেট, জামালপুর, ঢাকা ও গাজীপুর থেকে আক্রান্ত হয়ে আসা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন, ডেঙ্গু সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনের প্রত্যেক এলাকায় ব্যাপকভাবে মাইকিং ও প্রচারণা করছি। বিভিন্ন এলাকায় অভিযানের মাধ্যমে মশার লার্ভা ধ্বংস করা হচ্ছে। চলতি সপ্তাহ থেকে ডেঙ্গু প্রতিরোধে আবারো বিশেষ অভিযান শুরু হবে।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, শনিবার হাসপাতালে নতুন পাঁচজনসহ মোট ২৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তরা সবাই পুরুষ রোগী।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!