শুক্রবার ভোরে আমবোঝাই ট্রাক উল্টে জেলার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় মাহমুদুল নামে একজন নিহত হন। তিনি আম ব্যবসায়ী ছিলেন। একইদিন ভোরে জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে পিন্টু নামে আরেকজন নিহত হন। তিনি পিকআপ চালক ছিলেন।
২৩ বছরের মাহমুদুল দিনাজপুরের সদর উপজেলার বাসিন্দা। আর ২০ বছরের পিন্টু নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা।
.png)
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, দিনাজপুর থেকে ট্রাকে আম নিয়ে ঢাকা যাচ্ছিলেন মাহমুদুল। পথে বনানী বাইপাস এলাকায় বেপরোয়া গতির একটি বাসের কারণে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় ট্রাকটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন মাহমুদুল। তাকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। এ সময় শজিমেক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রাকে থাকা আর কেউ আহত হননি। ট্রাকচালকসহ অন্যরা সুস্থ আছেন।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বলেন, শেরপুরের কলেজ রোড এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক পিন্টু নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।