ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যাগে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে সড়কে নিথর যুবক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ২০ জুন ২০২৩
ব্যাগে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে সড়কে নিথর যুবক
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের সগুনা চারমাথা এলাকায় ট্রাকের ধাক্কায় আমিরুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ সময় তার পিঠে থাকা একটি ব্যাগ থেকে ৩৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। দিনাজপুরের বিরামপুর থেকে ফেনসিডিল নিয়ে বগুড়া অথবা অন্যত্র যাওয়ার সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থেকে রওনা হলেও প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম পিঠে একটি কালো ব্যাগ ঝুলিয়ে দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটের পুরানাপৈল বাইপাস সড়ক হয়ে যাওয়ার সময় সগুনা চারমাথায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই তার মৃত্যু হয়।

Advertisement

পুলিশের ধারণা, নিহত আমিরুল একজন ফেনসিডিল ব্যবসায়ী। মোটরসাইকেলে পিঠে ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বগুড়া অথবা অজ্ঞাত স্থানে বিক্রির জন্য যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই আরোহী দিনাজপুরের বিরামপুর থেকে আসার বিষয়টি নিশ্চিত হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে তার ব্যাপারে বিরামপুর থানায় খবর পাঠানো হয়েছে।

তার পরিবারের লোকজন আসার পর সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি সিরাজুল ইসলাম। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!