ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৭, ৭ জুন ২০২৩
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার দুপুরে চকরিয়া ও টেকনাফের মেরিন ড্রাইভে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চকরিয়ার উত্তর হারবাং ভান্ডারিডেবা মোচারা মার্কেট এলাকায় সিমেন্টবাহী কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক  মো. ফরহাদ হোসেন ও আরোহী রেজাউল করিম গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ তাদের হাসপাতালে নিলে সেখানে ফরহাদের মৃত্যু হয়।

চিরিংগা হাইওয়ে থানার ওসি খোকন কান্তি রুদ্র জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই আহত দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

Advertisement

অন্যদিকে, একই সময় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উখিয়া জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন- ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং ও সিকিউরিটি ইনচার্জ ইমারত মোল্লা, মোটরসাইকেল আরোহী কলেজছাত্র মোহাম্মদ আকতার কামাল, স্কুলছাত্র রিদুয়ান। আহত অটোচালক জয়নাল আবেদীন হাসপাতালে চিকিৎসাধীন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাজাহান বলেন, মেরিন ড্রাইভ সড়কের শফির বিল এলাকায় টেকনাফ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল ও পাটুয়ারটেকের দিকে যাওয়া অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাইকে থাকা দুজন ও টমটমের দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পথে ইমারত মোল্লা মারা যান। অপর আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে আকতার কামাল ও রিদুয়ানের মৃত্যু হয়।

এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!