ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাসে যাত্রীর কোমরে মিলল সোয়া ১ কোটি টাকার সোনা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ৭ জুন ২০২৩
বাসে যাত্রীর কোমরে মিলল সোয়া ১ কোটি টাকার সোনা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুর নগরীর কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ড থেকে ১৫টি সোনার বারসহ ফয়সাল হোসেন (৩৮) নামের এক সোনা চোরাকারবারীকে গ্রেফতার করেছেন রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। ১৫টি সোনার বারের ওজন ১৫০ ভরি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার সকালে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে যাত্রীবাহী শ্যামলী পরিবহন থেকে তাকে আটক করা হয়। বিশেষ কৌশলে সোনার বারগুলো কোমরে বেঁধে রেখেছিলেন ফয়সাল। তিনি মুন্সীগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদফতর রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শ্যামলী পরিবহনে ফয়সাল নামের এক যাত্রীর কোমর থেকে ১৫টি সোনার বার জব্দ করা হয়। 

ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপে মোড়ানো ছিল সোনার বারগুলো। ফয়সাল সোনার বারগুলো ঢাকা থেকে রংপুরে নিয়ে গিয়েছিলেন।

মাদকদ্রব্য অধিদফতর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, আটক ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সোনার বার
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!