ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেইরি ফার্মে চুরি: সাত গরুসহ গ্রেফতার ৫

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১ জুন ২০২৩
ডেইরি ফার্মে চুরি: সাত গরুসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় ডেইরি ফার্ম থেকে ১০টি গরু চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় সাতটি চোরাই গরু এবং দুইটি পিকআপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, বুধবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন গাজীভিটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে কাইয়ুম, নেত্রকোণার দূর্গাপুর থানাধীন বনগ্রাম গ্রামের মো. করিমের ছেলে খাইরুল ইসলাম, গাজীপুরের কাপাসিয়া থানাধীন সূর্য নারায়ণপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে নাহিদ হোসেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন চর দিহুনদা নামাপাড়া গ্রামের আব্দুল মুন্নাছের ছেলে রাজিব হাসান সবুজ এবং হোসেনপুর থানাধীন বালিয়াচর গ্রামের বিনত আলীর ছেলে দ্বীন ইসলাম।

Advertisement

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সফিকুল ইসলাম জানান, গত সোমবার রাত আড়াইটার দিকে জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামক একটি ডেইরি ফার্মে ১০টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন ভালুকা মডেল থানার মামলা করা হয়। এরপর চোর চক্রটিকে গ্রেফতার করতে অভিযানে নামে ডিবি পুলিশ।

বুধবার বিকেলে জেলার নান্দাইল থানাধীন কানারামপুর এলাকা থেকে গরুচোর চক্রের মূলহোতা রাজীব হোসেন সবুজকে গ্রেফতার করা হয়। পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে চোরাই সাতটি গরু উদ্ধার করে কাইয়ুমকে গ্রেফতার করা হয়। পরে একে একে গ্রেফতার করা হয় আরো তিনজনকে।

ওসি আরো জানান, গত ২০ মে সবুজ কিশোরগঞ্জ কারাগার থেকে গরুভর্তি ট্রাক ডাকাতি মামলায় জামিনে মুক্ত হয়েই আন্তঃজেলা গরুচোর চক্র গঠন করেন। বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ডেইরি ফার্মে ঘুরে ঘুরে চুরির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী সবুজের নেতৃত্বে নয়জনের চোর চক্রটি ভালুকায় বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টে গিয়ে দেয়াল ভেঙে ডেইরি ফার্মে প্রবেশ করে। এরপর ১০টি গরু দুইটি পিকআপে তুলে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় নিয়ে যায়।

গ্রেফতারকৃত পাঁচজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো. সফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!