মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দুপ্তারা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার একই এলাকার মো. ছিদ্দিক মিয়ার মেয়ে।
নিহতের ভাই রোহেন নবী বলেন, পশ্চিমপাড়া এলাকার মোতালিবের ছেলে আমিরের সঙ্গে আমার বোনের ২৫-২৬ বছর আগে বিয়ে হয়। তাদের ৩টি সন্তান রয়েছে। আমির মালয়েশিয়া থেকে ৩-৪ মাস আগে দেশে এসে তারই বাড়ির এক মহিলা ভাড়াটিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ঘটনা জানাজানি হলে আমার বোন তাতে বাধা দেন। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে কলহ হতো।
.png)
ঘটনার দিন সকাল ১০টার দিকে আমির ঐ ভাড়াটিয়া মহিলাকে বিয়ে করবে বলে আমার বোনকে জানান। তখন আমার বোন তাতে রাজি না হলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঐ সময় আমির আমার বোনকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে যান। আমরা লোক মারফত সংবাদ পেয়ে আমার বোনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা থানায় সংবাদ দেই।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।