গত ২০ এপ্রিল এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী।
.png)
জানা যায়, জেলার ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানা সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। ফলে দুই গ্রামের বিরোধের কারণে ঈদুল ফিতরের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারার আদেশ জারি করা হয়।
আদেশে ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, শোভাযাত্রা, স্লোগান, লাঠিসোটা বহন, মাইক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ২০১২ সালে ঈদগাহ মাঠ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তি খুন হন। এ কারণে ওই বছরের ২৬ নভেম্বর ঈদুল আজহার দিন থেকে উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি হয়। যা এখনো চলমান। ফলে দুইশ বছরের পুরনো ওই মাঠে এক যুগ ধরে ঈদের নামাজ পড়তে পারছে না বিরোধীয় দুই গ্রামসহ আশপাশের ৭ গ্রামের মানুষ।