ফরিদপুরের ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপন করেছে ‘গুড নেইবারস বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংস্থা। ওই তিন স্কুলের ল্যাবের জন্য প্রদান করেছে ৩০টি কম্পিউটার ও প্রজেক্টর এবং প্রায় এক হাজার ৮০০ শিক্ষার্থীকে দিয়েছে স্কুলব্যাগ, খাতা ও ছাতা।
সোমবার সকালে ভাঙ্গা উপজেলার মালিগ্রামে আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশে প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণকারী সংস্থা ‘কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনে’র সহযোগিতায় ওই সংস্থাটি উপরণগুলো বিতরণ করে।
.png)
গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈন উদ্দিন মইনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়া এক্সপ্রেসওয়ের জেনারেল ম্যানেজার জিনউ পার্ক, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা ইউএনও মো. আজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, গুড নেইবারসের পার্টনারশিপ ডেভেলমেন্ট বিভাগের প্রধান আনন্দ কুমার দাস, অ্যাডমিন বিভাগের প্রধান যোষেফ ডায়েস, হেড অব ইস্টার্ন এরিয়া রিমো রনি হালদার, অ্যাকাডেমিক সুপারভাউজার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মইনুল বলেন, বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছে আমরা সেই প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটারসহ অন্যান্য উপকরণ বিতরণ করছি।
কোরিয়া এক্সপ্রেসওয়ের জেনারেল ম্যানেজার জিনউ পার্ক বলেন, স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। এটি তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি মহৎ বিনিয়োগ হবে বলে আশা করছি।
অতিথিরা আব্দুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব উদ্বোধন করেন। পরে হাজী হাসিয়ার রহমান উচ্চ বিদ্যালয় ও কাজী ওয়ালিউল্লা উচ্চ বিদ্যালয়ে ল্যাব ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।