চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুরে ৬০০ কেজি জাটকাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ জাটকাগুলো উদ্ধার করা হয়।
.png)
আটকরা হলেন- চাঁদপুর সদরের মো. শহিদ হাওলাদার (৪০), মো. হাবিব (৩০), মো. হানিফ (২৬), মো. ইমান মিজি (৩৩) ও ঠাঁকুগাঁও জেলার মো. সবুজ (২৪)।
বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত জাটকাগুলো চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ ও সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে ১১টি এতিম খানা ও ৪ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার ভোরে থানার এসআই আকরামের নেতৃত্বে এএসআই জানে আলম এবং জসিমসহ সঙ্গীয় ফোর্স বহরিয়া বাজার রাস্তায় অভিযান চালান। এ সময় ড্রামে থাকা জাটকাসহ পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান জব্দ এবং সঙ্গে থাকা ৫ ব্যক্তিকে আটক করা হয়।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান থানা হেফাজতে রয়েছে।