ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার, ১৯ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ৪ এপ্রিল ২০২৩
চাঁদপুরে ৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার, ১৯ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৯ জেলেকে আটক এবং ৭ লাখ ২০ হাজার ৩০০ মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়েছে। 

জেলেদের  মধ্যে ১৭ জনের বিরুদ্ধে থানায় পৃথক মামলা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। একই সময় নিয়ম লঙ্ঘন করে নদীতে বাল্কহেড চলাচল করায় ১৩টি বাল্কহেড উদ্ধার করে নৌ পুলিশ।

মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান এসব তথ্য জানান।

Advertisement

আটক জেলেরা হলেন পারভেজ, শাকিল গাজী, কালাম মিজি, মামুন ছৈয়াল, মো. মহসীন, মো. লায়াজ মিয়াজ, নবী হোসেন, রিয়াজুল, সাজিব, ছোটন মিয়া, বিল্লাল মিয়া, আবু বক্কর, জিয়াউর রহমান, কামরুজ্জামান, আলী হোসেন, কুদ্দুস আলী ও মো. হারুন। এসব জেলেদের বাড়ী লক্ষ্মীপুর, ভোলা, কিশোরগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায়।

ওসি কামরুজ্জামান বলেন, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত নৌ-পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা অবস্থায় হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। দুইজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ৫৫ কেজি জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, অভিযানের সময় চলাচলের জন্য সঠিক কাগজপত্র না থাকায় ১৩টি বালুবাহী বাল্কহেড উদ্ধার করা হয়। এর মধ্যে ১১টি সুকানির জিম্মায় প্রদান করা হয় এবং বাকী দুটি বাল্কহেড নৌ থানায় মামলার আলামত হিসেবে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!