ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৬০ জেলে আটক, ৪৪ জনের জেল

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ৬ এপ্রিল ২০২৩
চাঁদপুরে ৬০ জেলে আটক, ৪৪ জনের জেল
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় টাস্কফোর্সের পৃথক অভিযানে ৬০ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে ৪৪ জনকে কারাদণ্ড, ৫ জনকে ১ হাজার টাকা জরিমানা এবং ১১জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবককে ১ হাজার টাকা করে জরিমানা করে তাদের জিম্মায় ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ। এর আগে বুধবার পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী ও হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাহামীম বেপারি, ওয়াজ উদ্দিন, কাশেম, রমিজল ঢালী, মনির হোসেন, রহিম মাঝি, সোহেল ফকির, আজিজুল সরদার, ইয়াসিন, সাইফুল ইসলাম সরকার, মোরসালিন মাঝি, নবীর, জাকির হোসেন, ফয়সাল, মাসুদ শেখ,  জিয়াউর রহমান, মহিউদ্দিন, জয়নাল খাঁ, আব্দুল কাদির, কবির, শাহাদাত, আলামিন, নজরুল, মামুন মিজি, আব্দুর রহমান সরকার, শুকুর আলী মিজি, ইয়াসিন সিকদার, আবু বক্কর, রফিকুল ইসলাম ও জহির গাজী।

Advertisement

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ বলেন, গত ২৪ ঘণ্টার অভিযানে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে নৌ পুলিশ আল-আমিন, বাদশা সরদার, নাছির হাওলাদার, মনির হোসেন, মিলন সরদারনামে ৫ জেলেকে আটক করে। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্সের অভিযানে ৪০ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২৯ জনকে ১ মাস করে এবং ১ জনকে ৩ মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আর বাকি ১০ জনকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তবে তাদের অভিভাবকে ১ হাজার টাকা করে জরিমানা করে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও বলেন, বুধবার (৫ এপ্রিল) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক ও শাহরাস্তি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার মোহাম্মদ ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পৃথক আরেক অভিযানে ১৫ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবককে ৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। বাকি ১৪ জনকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। অভিযানে জব্দকৃত ১০০ কেজি জাটকা গরিবদের মাঝে বিতরণ, ১ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কোস্টগার্ড হাইমচর কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নাসির উদ্দিন ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!