ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ভাশুর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ২৯ মার্চ ২০২৩
প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ভাশুর গ্রেফতার
অভিযুক্ত খোরশেদ আলম -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভাশুরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার মনি (২৮) ওই গ্রামের প্রবাসী মাসুদ আলমের স্ত্রী। অভিযুক্ত খোরশেদ আলম (৩৫) পেশায় অটোরিকশা চালক। তিনি সম্পর্কে ভাশুর হন।

নিহতের ভাই সালেহ আহাম্মদ বলেন, ১২ বছর আগে মাসুদ আলমের সঙ্গে আমার বোন শারমিন আক্তার মনির বিয়ে দেই। বিয়ের পর থেকেই তার ভাশুর খোরশেদ আলম সামান্য বিষয় নিয়েও মনির গায়ে একাধিকবার হাত তোলেন। এ নিয়ে কয়েকবার বিচারও হয়েছে। এ নিয়ে মনির ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন।

বুধবার সকালে কাপড় শুকানোর রশি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর মনি ঘরের পাশে ফেরিওয়ালা থেকে মাছ কিনছিলেন। এ সময় খোরশেদ ঘর থেকে ধারালো দা এনে মনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরগঞ্জ থানার এসআই আব্দুল আলিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, আমার চাকরি জীবনে এমন নৃশংস হত্যাকাণ্ড আর দেখিনি।

মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!