শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের ৫ বছর কারাদণ্ড
মানিকগঞ্জের সিংগাইরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মোহাম্মদ আনার নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রোববার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আনার মিয়া মানিকগঞ্জের সিংগাইরের খাশেরচর এলাকার মো. মোতালেব মিয়ার ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) একেএম নুরুল হুদা রুবেল জানান, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২০১৫ সালের ২৮ এপ্রিল দুপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মোহাম্মদ আনার। এ ঘটনার সাতদিন পর ৫ মে ঐ শিশুর বাবা মোহাম্মদ আনারকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাচ্চু মিয়া মোহাম্মদ আনারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
এ মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার মোহাম্মদ আনারকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।