ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
নোয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলের যাবজ্জীবন
নোয়াখালী আদালত- ফাইল ফটো

নোয়াখালীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ী মো. গোলাম মোস্তফাকে হত্যার দায়ে বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় ছেলে উপস্থিত থাকলেও বাবা আবদুল মান্নান পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের মো. আবদুল মান্নান এবং তার ছেলে মো. সোহেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদ হোসেন কৈশোর জানান, অভিযুক্ত একাধিক আসামি সদর উপজেলার ব্যবসায়ী মোস্তফার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ২০০৬ সালের ২৯ জুলাই রাত ১০টার দিকে ব্যবসায়ী গোলাম মোস্তফা তার জনতা বেকারিতে অবস্থান করছিলেন। চাঁদার টাকা না পেয়ে আসামিরা তাকে কুপিয়ে জখম করে শ্বাসরোধে হত্যা করেন।

Advertisement

এরপর হামলাকারীরা দোকান থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল বাদী হয়ে নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। মামলার প্রধান আসামি মারা গেছেন। বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া বাকি ছয় আসামিকে আদালত বেকসুর খালাস দেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!