ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্যাংক এজেন্টের থেকে ১০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৮

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৭ নভেম্বর ২০২২
ব্যাংক এজেন্টের থেকে ১০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে ইসলামী ব্যাংকের এজেন্টের ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই আট ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে এক প্রেস কনফারেন্সে ৮ ছিনতাইকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। ওই ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, দাবাতুল ইসলাম উজ্জ্বল (৩৭) দিনাজপুর পৌরসভার ৬নং নিউটাউন এলাকার হাবুল সরদারের ছেলে। মাইদুল ইসলাম মিঠুন (৩০) দিনাজপুর পৌরসভার পুলহাট বাহারপাড়ার সামিনুল ইসলামের ছেলে ও পেশায় অটোরিকশার মিস্ত্রী। সজীব আলী বাবু (২৭) দিনাজপুর পৌরসভার ৭নং নিউটাউন এলাকার জুলফিকার আলীর ছেলে ও পেশায় অটোরিকশা চালক। সাখাওয়াত সরকার অণর্ব (৩০) পৌরসভার ৫নং নিউটাউন এলাকার আবুল কালামের ছেলে ও পেশায় ওয়াইফাই ইন্টারনেট মিস্ত্রি। নাদিম মাহমুদ রাজ (২৪) দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও পৌরসভার ৩নং নিউটাউন এলাকার মোকাররম হোসেনের ছেলে। ফজলে রাব্বি (২৫) দিনাজপুর উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গার্মেন্টস বিষয়ের ছাত্র ও পৌরসভার ৩নং নিউটাউন এলাকার কুতুবুল আলমের ছেলে। রবিউল ইসলাম সুমন (৩২) পৌরসভার সুইহারী খালপাড়ার সামছুল আলমের ছেলে। তরিকুল ইসলাম কনক (৩০) পৌরসভার ৩নং নিউটাউন এলাকার রফিকুল ইসলামের ছেলে ও পেশায় ইটভাঙা মেশিনের শ্রমিক। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ৮ জন ছাড়াও আরো দুইজন পলাতক রয়েছেন। ছিনতাইকারীদের গ্রুপ লিডার মাইদুল ইসলামের (মিঠুন) বিরুদ্ধে ছিনতাই, মাদক, মারামরিসহ ১১টি মামলা রয়েছে। দাবাতুল ইমলাম উজ্জলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও মারামারিসহ ৫টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর দিনাজপুর পৌর এলাকার ১০নং ওয়াার্ডের বালুয়াডাঙ্গার অন্ধ হাফেজ মোড়ে বিরল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট সাইদুর রহমানের থেকে ৯ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়। পরবর্তীতে পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান চালিয়ে মাত্র তিনদিনের মধ্যেই জেলার বিভিন্ন এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত চাপাতি, স্কুলব্যাগ, ছিনতাইকৃত ৭ লাখ দুই হাজার টাকা, ছিনতাইকৃত টাকায় ক্রয়কৃত মোবাইল, জুতা ও জামা-কাপড় জব্দ করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!