ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, ডিবির জালে ধরা সেই ৩ জন কারাগারে

ফেনী প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৮, ১৫ নভেম্বর ২০২২
নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল, ডিবির জালে ধরা সেই ৩ জন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী শহরের হাজারী রোডের একটি বাসায় আটকে রেখে ব্যবসায়ীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেলের ঘটনায় গ্রেফতার তিন প্রতারককে মঙ্গলবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গ্রেফতার বিবি হাজেরা নুপুর, তার দুই সহযোগী রমজান আলী রুবেল ও মো. সিরাজকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাদেরকে ফেনী জেলা কারাগারে প্রেরণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা ডিবি পুলিশের এসআই সৈয়দ ফারুক আহমদ জানান, তারা তিনজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। এজন্য আদালতে ৭ দিনের রিমান্ড চাইবেন বলে তিনি জানান।

গত ৭ নভেম্বর দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপির রাজারহাট বাজারের ওই ওষুধ ব্যবসায়ী মালামাল কিনতে শহরের ট্রাংক রোডে আসেন। দোয়েল চত্ত্বর এলাকায় তাকে ঠিকানা যাচাইয়ের কথা বলে সিএনজি অটোরিকশায় তুলে হাজারী রোডে নিয়ে যায় নুপুর নামে ওই নারী। সেখানে জহির আলী ম্যানশনের নিচতলার একটি বাসায় নিয়ে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা দুই সহযোগী ওই ব্যবসায়ীকে মারধর করে নগ্ন ছবি তুলে। পরে বিকাশে ১৫ হাজার টাকা দিয়ে কৌশলে বাসা থেকে বের হয়ে বাড়ি ফিরে যান মাছিমপুর এলাকার ওই বাসিন্দা। প্রথমে লোকলজ্জায় বিষয়টি গোপন রাখতে চাইলেও পরে স্বজনদের পরামর্শে তিনি পুলিশের শরণাপন্ন হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!