[ দেশজুড়ে ]
পরিচয় লুকিয়ে ২৩ বছর আত্মগোপনে, অবশেষে র্যাবের হাতে ধরা
গ্রেফতার আবুল কাশেম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাচাকে কুপিয়ে হত্যা মামলার ২৩ বছর পর ৪০ বছর বয়সী ভাতিজা আবুল কাশেমকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেফতার কাশেম ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেনগর গ্রামের শামসুল হকের ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আজমপুর এলাকা থেকে কাশেমকে গ্রেফতার করে র্যাব। মঙ্গলবার সকালে তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, ১৯৯৯ সালের ১১ অক্টোবর দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচা মোস্তফা কামালকে কুপিয়ে হত্যা করেন কাশেম ও নূর মোহাম্মদ। এ ঘটনায় মামলা হলে পরিচয় গোপন করে আত্মগোপনে চলে যান কাশেম। দীর্ঘ শুনানি শেষে সম্প্রতি কাশেম ও নূর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!