এইচএসসি ঘিরে গুজব ঠেকাবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কন্ট্রোল রুম
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রোববার। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি ঠেকাতে কাজ করবে এ কন্ট্রোল রুম। মঙ্গলবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরো জানানো হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত বোর্ড কর্তৃপক্ষকে পাঠাতে পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার আগের দিন শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো- ০২-৩৩৩৩৩৬৭৬৪, ০১৭১৮-৩৪৬৪৭৩, ০১৮১৯-৬৪৭৭০৫, ০১৮১৯-৬১৮৯৫১, ০১৮১৯-৬৪৩২৩৯, ০১৮১৯১৭৩৪৯৪ ও ০১৫৫৪-৩৩৫৯৮২।
জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ড থেকে অংশ নিচ্ছে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ১০২ জন। সে হিসেবে এবার কমেছে সাত হাজার ২১৩ জন। এছাড়া এবার ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্যমতে, ১১১টি কেন্দ্রে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নেবে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৪৫ হাজার ৩৩৯ জন ও ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন। চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙামাটিতে পাঁচ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে পাঁচ হাজার ৪৭১ জন ও বান্দরবানে দুই হাজার ৮৫৩ জন পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৬৭৫ জন, মানবিক বিভাগ থেকে ৪১ হাজার ৯৮৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩ হাজার ২১৯ জন পরীক্ষায় অংশ নেবে।