এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না লালের
এইচএসসি পরীক্ষার্থী মুক্তার হোসেন লাল। ভালো ফলাফলের আশায় গ্রাম থেকে সিলেটে এসে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষার দিনক্ষণ ঘনিয়ে আসায় গত সপ্তাহে শহর থেকে বাড়ি চলে যান তিনি। সংগ্রহ করেছেন পরীক্ষার প্রবেশপত্রও। অপেক্ষা কেবল পরীক্ষার। কিন্তু লালের সব স্বপ্ন শেষ করে দিল একটি ট্রাক। চাপা দিয়ে নিভিয়ে দিল লালের জীবন প্রদীপ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকার জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে। তিনি ইছামতি ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় লালের সঙ্গে ইমন আহমদ নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ইমন জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
জানা গেছে, জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা বাংলাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী লাল ও ইমন।
মুক্তার হোসেন লালের বোন জামাই জয়নুল ইসলাম জানান, খুব মেধাবী ছিল লাল। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য টানা তিনমাস সিলেটে কোচিং করেছে। গত সপ্তাহে সে বাড়ি ফিরেছে।
জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।