তালাবদ্ধ ফ্ল্যাটে মিললো গৃহবধূর লাশ
ঢাকার কেরানীগঞ্জে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। চঞ্চলা বিশ্বাস (৩৩) নামের ওই গৃহবধূ রাজবাড়ীর বালিয়াকান্দি মাশালিয়া গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে। অভিযুক্ত স্বামী বিপ্লব সমাদ্দার একটি ওষুধ কম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত। হত্যার পর একটি চিরকুট লিখে ফ্ল্যাটের দরজা তালাবন্ধ করে পালিয়েছেন বিপ্লব।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার জনি ব্যাপারীর মালিকানাধীন ব্যাপারী ভিলার অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে তালা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা ফ্ল্যাটের ভেতর থেকে বেশ কিছু আলামত ও একটি চিরকুট উদ্ধার করেছি। এতে প্রতীয়মান হয় স্বামী তাকে হত্যা করে পালিয়েছে। এ ছাড়াও এলাকার কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে হত্যার রহস্য জানা যাবে।’
আরো পড়ুন>> পদ্মায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ঘড়িয়াল
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, ‘স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে আমারা তাকে দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব। ’