মুরগিতে ৪০০ গ্রাম কম দিয়ে জরিমানা গুনলেন ২০ হাজার টাকা
কুমিল্লায় দুই কেজির মুরগিতে ৪০০ গ্রাম কম দেওয়ায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর রাজগঞ্জ বাজারে এ অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আরো তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেন তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর রাজগঞ্জ কাঁচাবাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়। এ সময় দুই কেজি সোনালি মুরগির ওজনে ৪০০ গ্রাম কম এবং ১১৬ টাকা বেশি রাখায় রুবেল ব্রয়লার হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিমাপক যন্ত্রের ওপর ফ্যান লাগিয়ে কৌশলে ওজনে কম দেওয়ায় আব্দুল্লাহ তাইফ ব্রয়লার হাউজকে তিন হাজার টাকা, মূল্য তালিকায় গরমিল থাকায় গাজীপুরী ব্রয়লার হাউজকে দুই হাজার টাকা ও অতিরিক্ত দামে সবজি বিক্রির প্রস্তাব করায় জাভেদের সবজির দোকানকে ৫০০ জরিমানা করা হয়। এ সময় ওজনে গরমিল করায় চারটি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সবজির বাজারেও বিশেষ তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করারও নির্দেশনা দেওয়া হয়।