পুলিশভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল কনস্টেবলের
গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় মনির হোসেন নামে ২৫ বছর বয়সী এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে পুলিশভ্যানে টহলে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল, কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল (চালক) আলতাফ হোসেন। বোর্ডঘর এলাকায় পৌঁছালে পুলিশভ্যানে ধাক্কা দেয় পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে গিয়ে কনস্টেবল মনির ছিটকে পড়ে আহত হন। এছাড়া ভ্যানের ভেতরে চাপা পড়েন ওসি মোল্লা টুটুল ও চালক আলতাফ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নেয়। পরে মনিরকে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল বলেন, সকালে ভ্যানে মহাসড়কে টহল দিচ্ছিলাম। কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে বোর্ডঘর এলাকায় পেছন থেকে দ্রুতগতির একটি বাস আমাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে কনস্টেবল মনির ছিটকে পড়েন। চালক আর আমি ভেতরে আটকা পড়ি। মনির কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।