ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্বশুরবাড়ি যাওয়ার টাকা না থাকায় যুবকের আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২৯ জুলাই ২০২২
শ্বশুরবাড়ি যাওয়ার টাকা না থাকায় যুবকের আত্মহত্যা
ফাইল ফটো

দিনাজপুরের বিরামপুর উপজেলায় টাকার অভাবে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে না পারায় তানিম নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে বিরামপুর পৌর শহরের শান্তিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত তানিম একই মহল্লার শাহিনের ছেলে। 

স্থানীয়রা জানান, তানিম প্রেম করে আট মাস আগে পার্শ্ববর্তী কল্যাণপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। এ বিয়ে প্রথমে তানিমের বাবা মেনে না নিলেও চার মাস আগে তার স্ত্রীকে বাড়িতে তুলে নেন। শুক্রবার স্ত্রীকে নিয়ে তানিমের শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল।
 
তারা আরো জানান, তানিমের কাছে টাকা না থাকায় তার দাদির কাছে ৪০০ টাকা ধার চান। দাদি টাকা দিতে না চাওয়ায় তানিম নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। অনেক সময় ধরে দরজা বন্ধ থাকায় পরে জানালা দিয়ে দেখা যায় তানিম গলায় ফাঁস দিয়েছেন।

পরে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তানিমকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!