ব্রাহ্মণবাড়িয়ায় হোটেলে অসামাজিক কাজ, নারীসহ আটক ১১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ও মাদক সেবনের দায়ে নারীসহ ১১ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে উপজেলার কুটি চৌমুহনী এলাকার শ্রমিক ভাই ভাই আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন কসবার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার।
সাজা প্রাপ্তারা হলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় এনামুল হককে ১০ দিন, আরিফুর রহমানকে ১৫ দিন, আলী হোসেনকে ১৫ দিন, নরুজাহানকে ৭ দিন, জেসমিন আক্তারকে ৭ দিন, নাজমা বেগমকে ৭ দিন, শান্তা আক্তারকে ৭ দিন, মোছা. মাহিনুর আক্তারকে ৭ দিন, কলি আক্তারকে ১০ দিন ও মাদক সংরক্ষণ এবং সেবনরত পাওয়ায় মো. রাসেল মিয়াকে ১৫ দিন, মো. হানিফ মিয়াকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটি এলাকার শ্রমিক ভাই ভাই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৬ নারীসহ ৯ জনকে আটক করা হয়। পাশাপাশি হোটেলে মাদকসেবন ও সংরক্ষণ অবস্থায় ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অসামাজিক কাজের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ও কসবা থানার পুলিশ উপস্থিত ছিলো।