ঘরের বাইরে কান্নার শব্দ, দরজা খুলতেই পেলেন ‘রহস্যজনক’ ব্যাগ
ঘরের বাইরে কান্নার শব্দ। দরজা খুলে কাউকে না দেখে এক ধরনের অবাক হয়ে ওঠেন গৃহবধূ নাসিমা বেগম। তখনো কানে বাজছিল কান্নার শব্দ। এর মধ্যেই চোখে পড়ে একটি কাপড়ের ব্যাগ। আর ব্যাগটি খুলতেই দেখা মেলে ফুটফুটে নবজাতকের।
ঘটনাটি খুলনার। সোমবার দুপুরে মহানগরীর খালিশপুর হাউজিং এলাকার একটি বাসার সামনে এভাবেই নবজাতকটিকে পাওয়া যায়।
নাসিমা বেগম জানান, কাপড়ের ব্যাগে নবজাতককে দেখতে পেয়ে ঘটনাটি পুলিশকে জানান তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তার ডাক্তারি পরীক্ষার পর ছোটমণি শিশু নিবাসে হস্তান্তর করা হয়।
খালিশপুর থানার এসআই হাসমত বলেন, সোমবার দুপুরে খালিশপুর হাউজিং এলাকার ১২ নম্বর রোড থেকে কাপড়ের ব্যাগে থাকা নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করে খুলনা শিশু হাসপাতালে নেয়া হয়। নবজাতকটি সুস্থ হওয়ায় মহেশ্বরপাশা ছোটমণি শিশু নিবাসে হস্তান্তর করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, শিশুটিকে উদ্ধারের পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সমাজসেবা অধিদফতর পরিচালিত ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
মহেশ্বরপাশা ছোটমণি নিবাসের সহকারী তত্ত্বাবধায়ক বিজন কৃষ্ণ শিকদার বলেন, এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচয়হীন অনেক শিশুই থাকে। খালিশপুর থানা পুলিশ এরই মধ্যে এ প্রতিষ্ঠানের কাছে উদ্ধার হওয়া নবজাতককে নিয়মতান্ত্রিকভাবে হস্তান্তর করেছে।