ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
ভৈরবে জমি নিয়ে বিরোধ

প্রবাসী ছেলেসহ পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৭, ১৯ অক্টোবর ২০২৬
প্রবাসী ছেলেসহ পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে জমি=সংক্রান্ত বিরোধের জেরে হাজী তালেব হোসেন ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এমনকি তার কাতারপ্রবাসী ছেলে মো. সোহাগ আহমেদ দেশে ফিরলে তাকে কুপিয়ে হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাজী তালেব হোসেন।

গত ১৭ অক্টোবর বিকেলে তিনি থানায় জিডি করেন। তার গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে। বর্তমানে তিনি পৌর শহরের কমলপুর পূর্বপাড়া এলাকায় রফিকুল ইসলাম মহিলা কলেজ রোডে বসবাস করেন।

জিডি সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৩ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে এমদাদুল হক, সিয়াম মিয়া, মো. আক্কাস আলী, মো. লিয়াকত, মো. হাদিস মিয়া ও মো. ফিরু মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন তার কমলপুরের বাসস্থানে যান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা হাজী তালেব হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হাজী তালেব হোসেনের ছেলে মো. সোহাগ আহমেদ কাতার থেকে দেশে ফিরলে তাকে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাজী তালেব হোসেনের আশঙ্কা, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তার ও পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।

ভুক্তভোগী হাজী তালেব হোসেন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!