ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১৮ জুলাই ২০২২
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন 
আদালতের রায়: প্রতীকী ছবি

কুষ্টিয়ায় মাদক মামলায় মো. বাহাদুর নামে এক আসামিকে যাবজ্জীবন এবং মো. রুবেল নামে অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

সেই সঙ্গে বাহাদুরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি রুবেলকে  ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের বাবুল সরদারের ছেলে, পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল একই এলাকার ইমদাদুল শেখের ছেলে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। 

২০১৮ সালের ১৩ আগস্ট বিকেলের দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে মাদক বিরোধী অভিযানে আসামি বাহাদুরের কাছে থেকে ২৫ বোতল ফেনসিডিল এবং রুবেলের কাছে থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়। 

আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম। ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় বাহাদুরকে যাবজ্জীবন এবং রুবেলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বাহাদুরকে যাবজ্জীবন ও রুবেলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!