ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছর কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১৪ জুলাই ২০২২
রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছর কারাদণ্ড
আদালতের রায়: প্রতীকী ছবি

রংপুরে পৃথক দুটি মাদক মামলায় শাহাবুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন ও পয়মন খাতুন নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর রংপুর র‌্যাব ৩৭ বোতল ফেনসিডিলসহ মিঠাপুকুর উপজেলার কেশবপুর এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে শাহাবুল ইসলামকে আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে। মামলায় ৯ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামি শাহাবুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একই আদালতে অপর একটি মামলায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার খালিসা কোটাল এলাকার এজাহার আলীর স্ত্রী পয়মন খাতুনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ নভেম্বর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ তাকে ২ হাজার ইয়াবাসহ পয়মন খাতুনকে গ্রেফতার করে। এ ঘটনায় তাজহাট থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্টপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি দুইজনের সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!