কিশোরীকে ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আশিষ কুমার নন্দী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে ফতুল্লা মডেল থানার ভূঁইগড় কড়ইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শনিবার রাতে আশিষের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা।
৩০ বছর বয়সী আশিষ কুমার কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর এলাকার মনিন্দ্র নন্দ্রীর ছেলে। তিনি ভূঁইগড় কড়ইতলার আব্বাসের বাড়ির ভাড়াটিয়া।
এজাহারে উল্লেখ করা হয়, ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরী একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন। আশিষও একই কারখানায় কাজ করতেন। ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি হওয়ার পর কিশোরীকে চকলেট-চিপস কিনে দেওয়ার কথা বলে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন আশিষ। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকিও দেন।
৬ জুলাই মেয়ের পেটে ব্যথা শুরু হলে চিকিৎসকের কাছে নেন মা। পরীক্ষা-নিরীক্ষার পর দেড় মাসের অন্তঃসত্ত্বা বলে জানান চিকিৎসক। পরে বিষয়টি মায়ের কাছে খুলে বলেন ভুক্তভোগী কিশোরী।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই হানিফ জানান, এ ঘটনায় মামলার পর অভিযুক্ত আশিষকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।