ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বীর সন্তানদের কীর্তিগাথা নিয়ে স্মরণিকা প্রকাশ করবে চসিক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১৪ জুলাই ২০২২
বীর সন্তানদের কীর্তিগাথা নিয়ে স্মরণিকা প্রকাশ করবে চসিক
ছবি : ডেইলি বাংলাদেশ

ভাষা আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের কীর্তিগাথা নিয়ে স্মরণিকা প্রকাশ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার দুপুরে নগরের বাটালি হিলের অস্থায়ী নগর ভবনে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধসহ সব রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে চট্টগ্রাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। চট্টগ্রামে যেসব ব্যক্তিরা আন্দোলন সংগ্রামে নানাভাবে অবদান রেখেছেন, তাদের সম্মানে এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে ধারণা দিতে সেসব ব্যক্তিদের ইতিহাস সম্বলিত নামফলক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই মধ্যে স্বাধীনতার প্রথম ঘোষণাকারী মরহুম এম এ হান্নানসহ অনেকের নামফলক স্থাপন করা হয়েছে।

একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা কবি মাহাবুবুল আলম চৌধুরীর নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরির নামকরণের প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসায় সন্তোষ প্রকাশ করেন মেয়র রেজাউল করিম চৌধুরী। 

তিনি বলেন, মাহাবুবুল আলম চৌধুরীর নামফলকটি স্থাপন করার সময় চট্টগ্রামের লেখক, কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানিয়ে বড় ধরনের একটি অনুষ্ঠান করার চিন্তা-ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে জামালখান মোড়ে পাক হানাদার বাহিনীর অতর্কিত আক্রমণের প্রথম শহীদ বশরুজ্জামান চৌধুরী, দীপক বড়ুয়া ও জাফরের নামে যে স্মৃতিফলকটি চেরাগী পাহাড়ের মোড়ে স্থাপন করা হয়েছে, খাস্তগীর স্কুলের সামনে দৃশ্যমান স্থানে তা পুনঃস্থাপন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু সরকার, পিনাকি দাশ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!