এসএসসি পাসে চক্ষু বিশেষজ্ঞ!
নেই এমবিবিএস ডিগ্রি। করেছেন এসএসসি পাস। এ অবস্থাতেই ডাক্তার ও সার্জন পদবি ব্যবহার করে দীর্ঘ ১৬ বছর ধরে করছেন চোখের চিকিৎসা। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। অভিযান চালিয়ে এসএসসি পাস এ ভুয়া চক্ষু বিশেষজ্ঞকে আটক করেছে র্যাব।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বৃহস্পতিবার রাতে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সঞ্জয় কুমার নাথ হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের জহরলাল নাথের ছেলে। তিনি বহদ্দারহাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলে ১৬ বছর ধরে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন এক ব্যক্তি- এমন সংবাদে বহদ্দারহাট মোড়ের পুলিশ বক্সের পেছনে হক ম্যানশনের নিচতলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন ধরনের ডাক্তারি সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেন সঞ্জয় কুমার নাথ। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।