ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ১৬ অক্টোবর ২০২৬
লালমোহনে মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
লালমোহনে মরহুম জয়নাল আবেদিন স্যার মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় মরহুম জয়নাল আবেদিন স্যার মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০ মিনিটের খেলায় শাহাজান হুজুর বাড়ি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পন্ডিত বাড়ি একাদশ। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। টুর্নামেন্ট পরিচালনা করেন পৌরসভা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন নয়ন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। কারণ এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহায়ক। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয় এবং সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে ওঠে। তরুণদের মাঠমুখী করতে পারলে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে লালমোহন পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজান সিকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!