ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ধসে পড়ল সেতুর গার্ডার, প্রাণ গেল শ্রমিকের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৬, ৭ জুন ২০২২
ধসে পড়ল সেতুর গার্ডার, প্রাণ গেল শ্রমিকের
হঠাৎ গার্ডারের ঢালাইয়ের নিচের বাঁশের খুঁটি ভেঙে পড়ে যায়

গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ধসে নিচে চাপা পড়ে লিয়াকত হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বক্তারপুর-মোহানী সড়কের সুবদিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩৫ বছর বয়সী লিয়াকত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাকগুহা এলাকার সাত্তার প্রামাণিকের ছেলে।

বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক) বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রায় চার কোটি ১৭ লাখ টাকা বরাদ্দে ২০২১ সালের শুরুর দিকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছে। চলতি বছরের আগস্টে নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে। নির্মাণকাজে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে গাজীপুর এলজিইডি।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশাররফ হোসেন বলেন, দুপুরে সেতুর গার্ডারের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় সেতুর ওপরে ছয় শ্রমিক এবং নিচে ও আশপাশে আরো পাঁচ-সাতজন শ্রমিক কাজ করছিলেন। দুপুর থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বিকেল ৩টার দিকে হঠাৎ গার্ডারের ঢালাইয়ের নিচের বাঁশের খুঁটি ভেঙে পড়ে যায়। এ সময় ওপরে থাকা শ্রমিকরা লাফালাফি করে সেতু থেকে নামতে পারলেও নিচে থাকা লিয়াকত গার্ডারের ঢালাইয়ের নিচে চাপা পড়েন। পরে ফায়ার স্টেশনের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়। রাত পৌঁনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!