গোসলে গিয়ে নিখোঁজ, একদিন পর ভেসে উঠল লাশ
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর মাছের ঘের থেকে জিব্রাইল হোসেন রনি নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আওরঙ্গ মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ৩৫ বছর বয়সী জিব্রাইল পার্শ্ববর্তী ফতেপুর এলাকার হসকেল আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শ্রীবরদী পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন রনি। বৃহস্পতিবার সকালে গোসল করতে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। কিন্তু কোনো সন্ধান মেলেনি তার। শুক্রবার দুপুরে বাড়ি সংলগ্ন আওরঙ্গ মাছের ঘেরে তার লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয় লোকজন।
রনির স্ত্রী ময়না বেগম জানান, তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। দিনমজুরি করেই সংসার চালাতেন স্বামী রনি। বৃহস্পতিবার গোসল করতে গিয়ে স্ট্রোক করে পানিতে ডুবে রনি মারা গেছেন বলে ধারণা করছেন তিনি।
শ্রীবরদী থানার এসআই নুরল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরনে একটি লুঙ্গি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।