শেরপুরে ট্রাকচাপায় ইজিবাইক যাত্রী নিহত
শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁওস্থল বন্দর মহাসড়কে বালুবোঝাই ট্রাকের চাপায় নুর উজ্জ্বল ওরফে নুইরা (৪৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে নালিতাবাড়ী-নাকুগাঁওস্থল বন্দর মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর উজ্জ্বল ওরফে নুইরা উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার এলাকার আব্দুল হকের ছেলে। এ ঘটনায় ইজিবাইকের অপর যাত্রী দৃষ্টি প্রতিবন্ধী মো. শামীম মিয়া (৩৫) ও ইজিবাইক চালক স্বপন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নয়াবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে নালিতাবাড়ী শহর থেকে ইজিবাইকে করে নুইরা, অপর যাত্রী শামীম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বালুবোঝাই ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা দুই যাত্রীসহ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাদের তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালীন রাত ১১টার দিকে নুর উজ্জ্বল মারা যান। শামীম ও চালক স্বপন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।