ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মোবাইলে কলে ভাড়ায় গেলেন মাঝি, তিনদিন পর ফিরলেন লাশ হয়ে

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ৪ মে ২০২২
মোবাইলে কলে ভাড়ায় গেলেন মাঝি, তিনদিন পর ফিরলেন লাশ হয়ে
নিখোঁজ মাঝির লাশ দেখতে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড়-ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদী রায়পুরা উপজেলায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন নামে এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। 

মৃত ফাহিম উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেনের  ছেলে। তিনি পেশায় একজন নৌকার মাঝি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইল থেকে ভাড়ার কথা বলে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওই সময় তিনি নৌকা নিয়ে সেখান যান। পরে সেখানে তার নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন ফাহিম। তারপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান মেলেনি। 

গত সোমবার রায়পুরা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরে নৌ ও রায়পুরা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।  পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনেরা ফাহিমের লাশ শনাক্ত করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। 

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) প্রদ্যুৎ সরকার জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার পরিদর্শন (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও নৌ পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।  

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!